নতুন ২ মুখ নিয়ে কিউইদের টেস্ট স্কোয়াড ঘোষণা

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১০:২৬ এএম

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার রাচিন রবিন্দ্র এবং পেসার জ্যাকব ডাফি। এছাড়া ৫ বছর পর দলে ফিরেছেন ডগ ব্রেসওয়েল। 

সাবেক ক্রিকেট তারকা ব্রেন্ডন ব্রেসওয়েল পুত্র ৩০ বছর বছর বয়সী এই অলরাউন্ডারকে কিউইদের সাদা জার্সিতে শেষবার দেখা গিয়েছিল ২০১৬ সালের আগস্টে। এবার ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে তার। 

রবিন্দ্র-ডাফি ছাড়াও, টেস্ট স্কোয়াডে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ডেভন কনওয়ে। ২৯ বছর বয়সী তারকা ইতোমধ্যে তার সংক্ষিপ্ত ক্যারিয়ারে ধারাবাহিকভাবে সীমিত ওভারের ক্রিকেটে চমৎকার আলো ছড়িয়েছেন। 

এর আগে গত বছরের ডিসেম্বরে ঘরের টেস্টে অধিনায়ক কেন উইলিয়ামসন তাকে দলে রেখেছিলেন। তবে একাদশে সুযোগ হয়নি এই প্রতিভাবান বাঁহাতি ব্যাটসম্যানের। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ২০ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দু’দলের প্রথম টেস্ট শুরু হবে ০২ জুন। 

এই সিরিজের পর ১৮ আগস্ট, সাউদ্যাম্পটনের অ্যাজেস বোলে ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে কিউইরা। তার জন্য ২০ সদস্যের এ স্কোয়াড নেমে আসবে ১৫ জনে। 

স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোললস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবিন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), উইল ইয়ং

×
সর্বশেষ সর্বাধিক পঠিত