নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এমএল সাবিত আল-হাসান লঞ্চ ডুবির ঘটনায় ধাক্কা দেয়া কার্গো জাহাজটিকে বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে জব্দ করেছে কোস্টগার্ড।
জেলার গজারিয়া উপজেলার নয়ানগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে এমভি এসকেএল-৩ নামে কার্গো জাহাজকে আটক করে।
এ সময় জাহাজের ১৪ স্টাফ আটক করা হয়েছে। আটককৃতদের নাম জানা যায়নি।
গজারিয়া নৌ-পুলিশের ইনচার্জ আব্দুস সালাম জানান, আটক করা কার্গো জাহাজ ও জাহাজের স্টাফদের বিকেল সাড়ে ৩টার দিকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।
এর আগে নয়ানগর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় পাগলাস্থ কোস্টগার্ডের সদস্যরা ঘাতক জাহাজকে আটক করে।
সরেজমিনে দেখা গেছে, ঘাতক জাহাজের রং পাল্টানো হয়েছে। নয়ানগর গ্রাম সংলগ্ন মেঘনায় নোঙর করে ওই রং পাল্টানো হয়। নোঙর করা অবস্থায় পাগলা কোস্টগার্ড স্টেশনের টহলরত টিমের সদস্যরা জাহাজকে আটক করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, গেল ৪ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টার দিকে নারায়ণগঞ্জের কয়লাঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় এমএল সাবিত আল-হাসান নামে লঞ্চ ডুবির ঘটনা ঘটে। এ নৌ-দুর্ঘটনায় সর্বশেষ ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়। নিহত যাত্রীদের অধিকাংশই মুন্সীগঞ্জের।
