রং বদলেও রক্ষা পায়নি কার্গো জাহাজ এসকেএল-৩। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া নয়ানগর সংলগ্ন মেঘনা নদীতে জাহাজটি আটক করে কোস্টগার্ড।
জানা গেছে, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চ ‘সাবিত আল হাসান’ ডুবির ঘটনায় ধাক্কা দেওয়া ঘাতক কার্গো জাহাজ এসকেএল-৩ এর রং বদলে ফেলা হয়েছিল। তবে জাহাজটির সামনের অংশের বাংলা ও ইংরেজিতে ‘এসকেএল-৩’ লিখাটি এখনো রয়েছে।
সরেজমিনে জানা যায়, দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে জাহাজটির বেশিরভাগ অংশে নীল রং থাকলেও পরে ধূসর রং করা হয়। তবে দেয়া ধূসর রংয়ের মাঝেও আগের নীল রংয়ের চিহ্ন দেখা যায়। একই সঙ্গে জাহাজের সামনের অংশে নামের নিচের এম-০১-২৬৪৩ লেখাটি ছিল। লঞ্চ দুর্ঘটনার চারদিন পর বৃহস্পতিবার কার্গো জাহাজটি আটক করা হয়। এস ময় আটক করা হয় জাহাজের ১৪ কর্মচারীকেও। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সার্বিক বিষয়টি জানানো হবে বলে জানান অভিযানকারী দলের সদস্যরা।
রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় এসকেএল-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় এম এল সাবিত আল হাসান নামে লঞ্চটি। এতে মোট ৩৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
