গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, গাজীপুর প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক লাখো কণ্ঠ-এর গাজীপুর প্রতিনিধি মো. রোমান শাহ আলম মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়েজীদ হোসেন জানান, গত ৩১ মার্চ জ¦র ও ঠান্ডার লক্ষণ দেখা দিলে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১ এপ্রিল বিকেলে তার নমুনায় করোনা পজিটিভ ফল আসে। ওই দিন রাতেই তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনার আইসোলেশন ইউনিটে ভর্তি হন। বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি মারা যান। তার স্ত্রী ও দুই কন্যা রয়েছে। তিনি গাজীপুর মহানগরের নিয়ামত সড়ক এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। গতকাল জানাজা শেষে তাকে গাজীপুর পৌর গোরস্থানে দাফন করা হয়েছে।
