টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজ ভেঙে বালুভর্তি একটি ট্রাক খাদে পড়ে গেছে। ফলে এ সড়কে যানচলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার রাত ৯টার দিকে নাগরপুর দরগ্রাম ভায়া ছনকা বাজার সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্রিজটি ভেঙে যায়।
এর আগে গত ৩ এপ্রিল ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি নিয়ে দেশ রূপান্তর একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপরও টনক নড়েনি কর্তৃপক্ষের।
স্থানীয়রা জানায়, নাগরপুর দরগ্রাম ভায়া ছনকা বাজার সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে ও মাঝখানে দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
এরপরও ওই সড়কে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করত। তবে দীর্ঘদিন ধরে ব্রিজটির এমন দশা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
পরে রাতে বালুভর্তি একটি ট্রাক ব্রিজের ওপর ওঠার সময় ভেঙে খাদে পড়ে যায়।
সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়কসহ পাশর্^বর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সাটুরিয়া ও ঢাকাগামী সড়কে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ‘বালুভর্তি একটি ট্রাক ব্রিজটির ওপর দিয়ে যাওয়ার সময় ভেঙে খাদে পড়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নিলেও সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে।’
উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘ট্রাকের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। খুব দ্রুতই সেতুটি ভেঙে সেখানে মাটি ভরাট করে যাতায়াতের ব্যবস্থা করা হবে।’
