নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আশঙ্কাজনকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যুর সংখ্যাও কম নয়।
শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, গত ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৭ দিনে জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯৯৯ জন।
মারা যাওয়া ১০ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় চারজন, সদরে তিনজন, রূপগঞ্জে দুজন ও সোনারগাঁয়ের একজন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ দেশ রূপান্তরকে জানান, ৯ এপ্রিল সকাল ৮টায় জেলায় করোনার পরিস্থিতির যে আপডেট প্রকাশ করা হয়েছে তা হলো ৮ এপ্রিলের হিসাব।
তিনি বলেন, সেই হিসাবে ২ এপ্রিল আক্রান্ত হয়েছে ১৩৭ জন, ৪ এপ্রিল ১১৩ জন, ৫ এপ্রিল ১২০ জন ৬ এপ্রিল ১৩৯ জন, ৭ এপ্রিল ১৭৭ জন, ৮ এপ্রিল ১১৪ জন ও ৮ এপ্রিল ১৯৯ জন।
এদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত হয়েছেন ২৯৬ জন, সদরে ১২৭ জন, বন্দরে ৭৪জন, সোনারগাঁয়ে ৭১ জন, রূপগঞ্জে ১৫২ জন ও আড়াইহাজারে ৩৯ জন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যান।
পরে ওই বছর ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলায় লকডাউন দেওয়া হয়।
