শেষ ৪ ওভারে দরকার ৫২ রান, হাতে ৫ উইকেট। মোহাম্মদ রিজওয়ান খেলছিলেন দারুণ, তাই ভরসাও পাচ্ছিল পাকিস্তান। অন্য প্রান্তে ফাহিম আশরাফের যোগ্য সহায়তায় শেষ ওভারে সমীকরণটা নেমে আসে ১১ রানের। কিন্তু দ্বিতীয় বলেই ফিরে গেলেন ফাহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন উত্তেজনা ছড়ানো এক ম্যাচেই শেষ হাসি হাসল পাকিস্তান।
জোহানেসবার্গে শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৮৯ রান তাড়া করে জিতল সফরকারী দলটি। টি-টোয়েন্টিতে যা পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে ১৮৩ রান তাড়া ছিল দলটির আগের রেকর্ড।
এদিন এক বল হাতে রেখে পাকিস্তানের ৪ উইকেটের জয় নিশ্চিত হয়। ডানহাতি ওপেনার রিজওয়ান অপরাজিত ছিলেন ৭৪ রানে। ৩৪ বলে ফিফটি পূরণ করা এই ব্যাটার শেষ পর্যন্ত খেলেছেন ৫০ বল। তার ইনিংসে ছিল ৯ চার ও ২ ছক্কা।
এই ইনিংসের পথে তিনটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। অধিনায়ক বাবর আজমের সঙ্গে ৪১, ফখর জামানের সঙ্গে ৪৫, ফাহিম আশরাফের সঙ্গে যোগ করেন ৪৮ রান। ফাহিম ৩০, ফখর ২৭ এবং বাবরের ব্যাট থেকে আসে ১৪ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা ৬ উইকেটে ১৮৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। অধিনায়ক হেনরিক ক্লাসেন ২৮ বলে ২ চার ও ৪ ছক্কায় খেলেন ৫০ রানের ঝলমলে ইনিংস। আইডেন মারকরামের ব্যাট থেকে আসে ৩২ বলে ৫১ রান। এ ছাড়া পাইট ভ্যান বিলজন কার্যকরী ৩৪ রানের এক ইনিংস উপহার দেন ২৪ বলে ২ ছক্কায়।
পাকিস্তানের পক্ষে হাসান আলি এবং মোহাম্মদ নওয়াজ ২টি করে উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ নিয়েছেন ১টি করে উইকেট।
সোমবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
