সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার মিলনমোড় এলাকায় রবিবার রাত ৯টার দিকে সুদের টাকার দ্বন্দ্বে ৫ যুবককে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে।
আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ও ৩ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার মিলন মোড় এলাকার মো.আউয়াল হোসেনের ছেলে সজীব (২২), আলম হোসেনের ছেলে মিলন (২৩), রঞ্জু আহমেদের ছেলে সংগ্রাম (২৩), মৃত শাহ জামালের ছেলে রাজু (২৮) ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে হৃদয় (১৮)।
এদের মধ্যে সজীব ও মিলনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া ও বাকিদের সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত রাজু আহমেদ জানান, রাত ৯টার দিকে ভাঙ্গাবাড়ি মিলন মোড়ের খান সাহেবের মাঠ এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে শোভন (৩৪) ও জুবলীবাগান এলাকার সেলিম হোসেনের ছেলে দিলসহ কয়েকজন এসে মিলনের কাছে পাওনা সুদের টাকা চান। মহল্লার ক্লাবে বসে বিষয়টি মিটিয়ে ফেলার প্রস্তাব দিলে শোভন উত্তেজিত হয়ে চাইনিজ চাকু দিয়ে আঘাত করে তাদের আহত করেন।
তিনি আরও জানান, জানা গেছে শোভনের কাছে থেকে মিলন ৩ হাজার টাকা সুদের উপর ঋণ নেয়। এর মধ্যে মিলন ১ হাজার ৬০০ টাকা পরিশোধ করে। বাকি ১ হাজার ৪০০ টাকা পরিশোধ করতে না পারায় কথা-কাটাকাটির একপর্যায়ে শোভন এ ঘটনা ঘটায়।
এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান বলেন, রাত ৯টার দিকে ৫ জনকে আহত অবস্থায় এ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৩ জন এখানে ভর্তি করা হয়। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়ায় পাঠানো হয়।
এ বিষয়ে সদর থানার ওসি বাহা উদ্দিন ফারুকী বলেন, সুদের টাকার দ্বন্দ্ব নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
