পেকুয়ায় ‘সন্ত্রাসীদের গুলিতে’ গৃহবধূ নিহত, আহত ২

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০২:২৯ পিএম

কক্সবাজারের পেকুয়ায় মধ্যরাতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সেলিনা আক্তার (৩৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির বুধামাঝির ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ একই এলাকার ফরিদুল আলমের স্ত্রী। গুলিবিদ্ধরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র একই এলাকার মো. সেলিমের ছেলে নাজমুল সাকিব (২৩) ও নুরুল আবছারের সাইফুল ইসলাম।

তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনার পরপরই স্থানীয়রা জড়ো হয়ে মো. হোসেনের ছেলে অভিযুক্ত মাহামুদুল করিম ও মফিজুর রহমানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

নিহতের স্বামী ফরিদুল আলম বলেন, মধ্যরাতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে নুরুল ইসলামের বসতবাড়িতে তাণ্ডব চালায়। তাণ্ডব চালিয়ে চলে যাওয়ার সময় আমার বাড়ির ৪টি গরু লুট করার চেষ্টা করে। ওই সময় আমার স্ত্রী সেলিনা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। গুলির আওয়াজ শুনে সাকিব ও সাইফুল বাড়ি থেকে বের হলে তাদেরও গুলি করা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা আমার ৪টি গরু লুট করে নিয়ে যায়। ওই সময় স্থানীয়রা জড়ো হয়ে দুই সন্ত্রাসীকে আটক করে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, জায়গা দখল নিয়ে সংঘর্ষ হয়। ওখানে পাশের বাড়ির সেলিনা আক্তার বাড়ি থেকে বের হলে গুলিতে নিহত হয়। ঘটনার প্রাথমিক তদন্ত করেছি। দুইজনেক আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত