ভাঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০৮:৩০ এএম

ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার রাত ১০টার দিকে ডাঙ্গি নগরকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (৩০)। সাজ্জাদ নওগাঁ জেলার ছাপাহার থানার পলাশডাঙ্গা গ্রামের বিশারদ মিয়ার ছেলে।

আহতদের স্থানীয়রা ও ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক কাওছার হোসেন জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাঙ্গি নগরকান্দা নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকে থাকা যাত্রী সাজ্জাদ ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ ব্যক্তি। আহতদের স্থানীয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, বুধবার থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করায় ট্রাকে করে যাত্রীরা তাদের বাড়িতে ফিরছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত