চার গুন বেশি ভাড়া: বাংলাবাজার-শিমুলিয়ায় যাত্রীর ঢল

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০৭:৩১ পিএম

‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের ঢল নেমেছে। লঞ্চ বন্ধ থাকলেও ফেরি, স্পিডবোট, ট্রলারে হাজার হাজার যাত্রী বাড়তি ভাড়া গুনে গাদাগাদি করে পারাপার হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাট সূত্র জানায়, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত সপ্তাহের সোমবার থেকে সাত দিন সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়। তবে জরুরি প্রয়োজনে উভয় ঘাটে দুটি ছোট ফেরি চালু রাখতে বলা হয়। কিন্তু গত কয়েক দিন ফেরি কম চলায় ঘাটে মালবাহী ট্রাকের জট সৃষ্টি হয়। রবিবার থেকে ১৫টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে।

তিনি বলেন, সোমবার সকাল থেকেই শিমুলিয়া-বাংলাবাজার রুটে দক্ষিণাঞ্চল ও ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। ফেরিতে যাত্রীদের চাপ সামলাতে কম যানবাহন নিয়েই পারাপার করতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গণপরিবহন বন্ধ থাকায় মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে বাড়ি ফিরছে যাত্রীরা। কোথাও দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার লক্ষণ। এদিকে ফেরি চলাচল সীমিত থাকায় ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের জট রয়েছে। শতাধিক কাঁচামালবাহী ট্রাক আটকে মালে পচন ধরেছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার কাঁচামালবাহী ট্রাক সঠিকভাবে পার হতে না পারায় দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।

যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলায় পৌঁছাতে চার গুনেরও বেশি ভাড়া দিতে যাচ্ছে। ঢাকা থেকে তিন থেকে ৪ গুন বেশি ভাড়া দিয়ে আসার পর শিমুলিয়ায়ও স্পিডবোটে যাত্রী প্রতি নেয়া হচ্ছে চার থেকে ৫০০ টাকা। ট্রলারে ভাড়া নেয়া হচ্ছে ১৫০ টাকা। ঘাটে নেমে ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেলে বরিশাল যেতে ৫০০ থেকে ৬০০ টাকা, গোপালগঞ্জ ৫০০ টাকা, খুলনা ৭০০ টাকা, মাদারীপুর ২০০ টাকা,বাগেরহাট ৬৫০ টাকাসহ প্রতিটি যানবাহনেই কয়েক গুন ভাড়া আদায় করা হচ্ছে।

 

পটুয়াখালী এলাকার হায়দার জানান, লকডাউনে ঢাকায় থেকে কোনো লাভ নাই। শুধু খরচ বাড়বে। তাই বাড়ি যাচ্ছি।

হাফিজ নামের ঘরমুখো এক যাত্রী বলেন, বুধবার থেকে সবকিছু বন্ধ থাকবে। ঢাকায় থেকে কী করব? তাই বাড়ি চলে যাচ্ছি।

মমতাজ পারভীন বলেন, ঈদের তিন/চার দিন আগে বাড়ি যাওয়া হয়। এবার লকডাউন আর করোনা পরিস্থিতির কারণে রোজার আগেই বাড়ি যাচ্ছি। রোজার পুরো মাস বাড়িতেই থাকব।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, সকাল থেকে ১৫টি ফেরি চলছে। শিমুলিয়া থেকে অসংখ্য যাত্রী পার হয়ে আসছে ফেরিতে। বাংলাবাজার ঘাটে কমপক্ষে ১২ শ পরিবহন আটকা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত