গাজীপুরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে ‘কিশোর গ্যাংয়ের’ দুপক্ষের সংঘর্ষে মো. শাকিল ওরফে নুর আলম (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে মো. ফাহিম (১২) নামে এক স্কুলছাত্র। গত সোমবার রাতে নগরীর গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাবিবুল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত শাকিল ময়মনসিংহের গৌরীপুর থানার ধীৎপুর এলাকার মো. এজাজুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
গাজীপুর মেট্রোপলিট্রন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় নিহত শাকিলের বাবা দুজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। আসামিদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
