দেশের বিভিন্ন স্থানে নিরপরাধ আলেম-ওলামাদের উপর নিপীড়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী।
শুক্রবার চট্টগ্রামে জুমার খুতবায় বাবুনগরী এ অভিযোগ করেন বলে হেফাজতের এক বিবৃতিতে জানানো হয়।
জুনাইদ বাবুনগরী বলেন, এই রোজা-রমজানের দিনে নিরপরাধ আলেম-ওলামাদের উপর অন্যায়ভাবে জুলুম আল্লাহ বরদাশত করবেন না। সারাদিন রোজা রেখে ইফতার করবে তার সুযোগ দিচ্ছেন না।
তিনি বলেন, তারাবির নামাজ থেকে তুলে নিয়ে যাচ্ছে, সারারাত বাহিরে বাহিরে লুকিয়ে থেকে সেহরি খেতে আসে, ওখান থেকেও নিয়ে তুলে নিয়ে যাচ্ছে। রাতে ঘরে ঘরে তল্লাশির নামে মহিলাদের কষ্ট দিচ্ছে। নিরাপরাদ সাধারণ জনগণকে ও হয়রানি করা হচ্ছে।
বাবুনগরী বলেন, সরকার, প্রশাসন, জনগণ সবাইকে নসিহত করছি। আল্লাহকে ভয় করুন। তার আজাবকে ভয় করুন। এই জুলুমের শেষ একদিন হবে, পৃথিবীতে কোন জালিম চিরস্থায়ী হয়নি।
শুক্রবার হাটহাজারী মাদ্রাসার মসজিদে বাবুনগরী বলেন, চলমান সংকট নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে যা করা দরকার ওলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে তাই করা হচ্ছে। আপনারা ধৈর্য হারা হবেন না। সবর করুন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলাম। ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারী থানায় আক্রমণ করে ভাঙচুর চালায় সংগঠনটির নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়। এ ছাড়াও নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াতে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত। বাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।
এর মধ্যে হেফাজতের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে তাণ্ডবের এই ঘটনায় এবং আগের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
