অননুমোদিত মেডিকেল ডিভাইস আমদানি, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মেডিকেল টেস্টিং কিট এবং রি-এজেন্টে জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বসিয়ে বিক্রির অভিযোগে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় বিপুল পরিমাণ ভেজাল কিট ও রি-এজেন্ট জব্দ করেছে। শুক্রবার র্যাব লালমাটিয়ায় বায়োল্যাব ইন্টারন্যাশনাল, তাদের সহযোগী প্রতিষ্ঠান বনানী থানা এলাকায় অবস্থিত এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিস ও হাইটেক হেলথকেয়ার নামে তিনটি প্রতিষ্ঠানের ওয়্যারহাউজে অভিযান চালায়।
শুক্রবার র্যাব-২ এক সংবাদ সম্মেলনে জানায়, এই প্রতিষ্ঠানগুলো মেয়াদোত্তীর্ণ এবং সহসা মেয়াদ উত্তীর্ণ হবে এ রকম টেস্ট কিট ও রি-এজন্টেসমূহ দেশি-বিদেশি আমদানিকারক ও সরবরাহকারীদের নিকট থেকে কম দামে সংগ্রহ করে তাতে মেয়াদের তারিখ টেম্পারিং করে বাজারজাত করে আসছিল।
