কুমিল্লার ৩ প্রাইভেট মেডিকেল কলেজে হবে করোনার চিকিৎসা

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০৩:৪৯ পিএম

করোনা রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লার তিনটি প্রাইভেট মেডিকেল কলেজে করোনা ইউনিট চালু করা হচ্ছে। এ তিনটি মেডিকেল কলেজে ৪০টি বেড করা হচ্ছে। যেখানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

মেডিকেল কলেজগুলো হল- ইস্টার্ন মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ ও সেন্ট্রাল মেডিকেল কলেজ।

শনিবার সাড়ে ১২টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে কুমিল্লা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। 

সভা শেষে এমপি বাহার জানান, কুমিল্লায় দ্রুত বাড়তে থাকা করোনা রোগীদের চিকিৎসার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় তিনটি মেডিকেল কলেজের পরিচালক ও অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় এ তিনটি মেডিকেল কলেজে ৪০টি হাইফ্লো নজেল ক্যানুয়াল বেড থাকবে।

এর মধ্যে ইস্টার্ন মেডিকেল কলেজে ২০টি, ময়নামতি মেডিকেল কলেজ ও সেন্ট্রাল মেডিকেল কলেজে ১০টি করে বেড করা হচ্ছে। আগামী বুধবারের মধ্যে তিনটি মেডিকেল কলেজে করোনা চিকিৎসা চালু করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত