কুমিল্লায় ১২শ’ টাকা ফেরত না দেওয়ায় ছুরিকাঘাতে খুন

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০৮:৪৭ পিএম

কুমিল্লার চান্দিনায় পাওনা টাকা পরিশোধ করতে না পারায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

শনিবার দুপুর ১টায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপর স্থানীয় লোকজন হত্যাকারী খলিল মিয়াকে (৩২) আটক করে।

নিহত রফিকুল ইসলাম (৩৮) পার্শ্ববর্তী বরুড়া উপজেলার আরিফুর গ্রামের ফজল মিয়ার ছেলে। দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ মায়ের সঙ্গে চান্দিনার লতিফপুর গ্রামের মামার বাড়িতে বসবাস করতেন তিনি। পেশায় শ্রমিক।

ঘাতক খলিল মিয়া বরুড়া উপজেলার আদমপুর গ্রামের মো. হুমায়ূনের ছেলে। সে চান্দিনার লতিফপুর গ্রামের চামড়া ব্যবসায়ী মিলন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুলের কাছে ১২শ’ টাকা পাওনা ছিল খলিল মিয়ার। শনিবার দুপুরে ওই পাওনা টাকার নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়ে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে খলিল মিয়া রফিকুলের বুকে ছুরিকাঘাত করে।

এ সময় স্থানীয় লোকজন খলিলকে আটক করে এবং আহত অবস্থায় রফিকুলকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ খলিল মিয়াকে গ্রেপ্তার করেন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। খলিল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত