বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হত্যার বিচার দাবি

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১২:১৪ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের পুলিশ গুলি করে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীরা। তারা এ হত্যার সঙ্গে যুক্ত পুলিশ ও এস আলম গ্রুপের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টু, সদস্য দলিলের রহমান দুলাল, ফখরুল ইসলাম ও কাজী জহির উদ্দিন।

বক্তারা বলেন, বেতন-ভাতার জন্য আন্দোলনে গেলে পুলিশ শ্রমিকদের গুলি করে হত্যা করছে, উল্টো শ্রমিকদের বিরুদ্ধে মামলা দিচ্ছে।

অপরদিকে, পাঁচ শ্রমিক নিহতের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল রবিবার বেলা ১১টায় প্রেস ক্লাব যশোরের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট যশোরের সমন্বয়কারী সিপিবি যশোরের সভাপতি আবুল হোসেন ও বাসদের জেলা সমন্বয়কারী হাসিনুর রহমান। বক্তারা পাঁচ শ্রমিকের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে তার বিচার দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত