গাজীপুর মহানগরীর টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক পুলিশ সদস্য ও তার স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে স্থানীয় কাউন্সিলরপুত্রকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। আটক সিফাত আহামেদ (২০) টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহামেদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার পুলিশ সদস্য রিপন তার স্ত্রীকে নিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য ওই হাসপাতালের তৃতীয় তলায় একটি কক্ষের সামনে আসেন। ওই সময় হাসপাতালের একজন আয়ার সঙ্গে কনস্টেবল রিপনের স্ত্রীর কথা কাটাকাটি হলে এ বিষয়ে রিপন বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে কভিড-১৯ টিকাদানকারী স্বেচ্ছাসেবক সাদিয়া সুলতানার সঙ্গে কনস্টেবল রিপনের স্ত্রীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত কাউন্সিলরের স্ত্রী শিউলি বেগম, ছেলে সিফাত ও শ্যালিকা সাদিয়া সুলতানাসহ তিনজনে মিলে পুলিশ সদস্য রিপনের স্ত্রীকে লাঞ্ছিত করে।
