করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চালু হওয়া মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে ২৫০ এর বেশি রোগী ভর্তি হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন মঙ্গলবার বিকালে এ তথ্য জানান।
এক হাজার শয্যার এই হাসপাতাল সোমবার থেকে কোভিড-১৯ রোগীর সেবা দেওয়া শুরু হয়।
হাসপাতাল সূত্র জানায়, ২৫০ জনের ওপরে রোগী ভর্তি হয়ে গেছে। সোমবার রাতে হাসপাতালটির আইসিইউতে ২৮ জন রোগী ছিলেন, মঙ্গলবার দুপুরে তা বেড়ে দাঁড়ায় ৪৫ জনে।
ব্রিগেডিয়ার ডা. নাসির বলেন, আমরা কিছু ভর্তি করে বাকিদের পরামর্শ ও সেবা দিয়েছি। এর মধ্যে আইসিইউতে ট্রিটমেন্ট নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের অবস্থা খুব খারাপ ছিল।
তিনি বলেন, হাসপাতাল আমরা পুরোপুরি প্রস্তুত করে ফেলেছি। লোকবল পেলেই আমরা ধীরে ধীরে আরো বাড়াতে থাকব। প্রতিদিনই সেবা বাড়াতে থাকব।
কারওয়ান বাজারের আড়ত সরিয়ে আনতে সাত দশমিক ১৭ একর জমির ওপর গড়া বিপণী বিতানকেই কোভিড-১৯ হাসপাতালে রূপান্তরিত করেছে ডিএনসিসি।
