পরিবেশ দূষণের অভিযোগে হাইকোর্টের নির্দেশে মাধবপুর উপজেলার ‘মার লিমিটেড’ নামে একটি কারখানা সিলগালা করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা কারখানাটি সিলগালা করেন।
এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা, পরিবেশ অধিদপ্তরের হবিগঞ্জের পরিদর্শক মোমিনুল ইসলাম, পল্লীবিদ্যুতের দুজন প্রতিনিধি, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ জাবেদ ও মাধবপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন।
এর আগে ‘মার লিমিটেড’ থেকে নির্গত বর্জ্য স্থানীয় এখতিয়ারপুর খালের পানি ও পরিবেশ দূষণ করছে অভিযোগ এনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) হাইকোর্টে রিট পিটিশন করে। এ পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে।
উল্লেখ্য, মার লিমিটেড মূলত ড্রাইং স্টার্চ পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে কারখানার কার্যক্রমের ফলে প্রচুর পরিমাণে তরল বর্জ্য উৎপন্ন হয়ে থাকে। প্রতিষ্ঠালগ্ন থেকেই কারখানার সৃষ্ট তরল বর্জ্য কোনোরূপ পরিশোধন ছাড়াই পার্শ্ববর্তী এক্তিয়ারপুর খালে নির্গমন করা হচ্ছিল।
