করোনা আক্রান্ত জিতের উদ্দেশে বার্তা দেবের

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১০:৪৭ এএম

মঙ্গলবার সকালে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার সুপারস্টার জিৎ। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানান অভিনেতা। তাতেই উত্তর দিলেন দেব।

টুইটারে জিতের মন্তব্যের ঘরে এ সংসদ সদস্য ও অভিনেতা লেখেন, “দ্রুত সেরে ওঠো ফাইটার। জানি, তোমার হয়তো প্রয়োজন হবে না, কিন্তু আমি আছি, যেকোনো প্রয়োজনে মাত্র একটা ফোন কল দূরে।”

দেবের এই বার্তায় মুগ্ধ দুই তারকার ভক্তরা।

কলকাতার ছবির জগতে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই জানেন সকলে। তাদের অনস্ক্রিন বৈরিতা বক্স অফিসে বহুবার জোয়ার এনেছে। বাস্তব জীবনেও য়ে দুজন দুজনের খুব ঘনিষ্ঠ বন্ধু এমনটাও নয়। তবে বরাবরই শ্রদ্ধা আর সম্মানের সম্পর্ক দুজনের মধ্যে। সেই সৌজন্য ধরেই জিৎ অসুস্থ শুনেই পাশে থাকার বার্তা দেবের।

আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে আছেন জিৎ। গতমাসে কলকাতার এর বেসরকারি হাসপাতালে করোনার প্রথম টিকা নেন ‘বস’-খ্যাত অভিনেতা। তাতেও সংক্রমণ ঠেকানো যায়নি। গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের কভিড টেস্ট করতে আবেদন জানিয়েছেন জিৎ।

প্রায় দুই দশকের ক্যারিয়ারে জিৎ ও দেব একবারই পর্দা ভাগাভাগি করেছেন। রাজ চক্রবর্তীর ‘দুই পৃথিবী’ ছবিতে তার অভিনয় করেন। মঙ্গলবার আরও জানা যায়, এ নির্মাতার স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও করোনায় আক্রান্ত। তবে জিতের পোস্টে মন্তব্য করলেও অনেক ছবির সহশিল্পী শুভশ্রীর বার্তায় মন্তব্য করেননি দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত