তামিমের ফিফটি, সর্বোচ্চ রানে টপকে গেলেন মুশফিককেও

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১২:০৩ পিএম

দিনের শুরুতেই দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নিয়েছেন তামিম ইকবাল। সেই সঙ্গে মুশফিকুর রহিমকে আবারও পেছনে ফেলে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হলেন এই ড্যাশিং ওপেনার।

বুধবার কেন্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফ হাসানকে (০) হারালেও দারুণ ব্যাটিং প্রদর্শনী মেলে ধরেন তামিম। ৩০ রান করে তিনি টপকে যান মুশফিককে।

এখন পর্যন্ত টেস্টে তামিমের রান ৪৫৫৮। তার জন্য ৩২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের লেগেছে ৬৩ টেস্ট ও ১২০ ইনিংস। ৭২ টেস্ট ও ১৩৪ ইনিংসে মুশফিকের রান ৪৫৩৭।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮.৪ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭৩ রান জমা করেছে সফরকারী বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন তামিম (৫০) ও নাজমুল হোসেন শান্ত (২০)। তামিমের ফিফটিটি এসেছে ৫২ বলে ও ১০ চারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত