‘লকডাউনে’ উপার্জনহীন হাজারও মানুষ

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০১:১৩ এএম

‘লকডাউনে’ বাগেরহাটে নিম্ন আয়ের মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন। বাস চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে পড়া কয়েকশ বাসশ্রমিক অর্ধাহারে দিন কাটাচ্ছেন। জেলার নিম্ন আয়ের কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন।

সরেজমিন দেখা গেছে, বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সারিবদ্ধভাবে কয়েকশ বাস দাঁড়িয়ে আছে। রাস্তাঘাট ফাঁকা। কিছুসংখ্যক শ্রমিক বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছেন। বাগেরহাটের ১৬টি অভ্যন্তরীণ রুটে কয়েকশ শ্রমিক কাজ করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসশ্রমিক অভিযোগ করেন, লকডাউনে খুব সমস্যার মধ্যে দিন পার করছি। অভ্যন্তরীণ রুটে বাস চালিয়ে যা আয় করি তা দিয়ে আমাদের কোনোরকমে সংসার চলে। লকডাউনের কারণে আমাদের চলতে খুব অসুবিধা হচ্ছে। আমরা পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে কষ্টে দিন কাটাচ্ছি। বাসমালিক বা শ্রমিক সংগঠন কেউ আমাদের খোঁজ নিচ্ছে না।

চায়ের দোকানি স্বপন দাস বলেন, জীবন বাঁচাতে দোকান বন্ধ রেখেছি। ছয়জনের সংসার। চা বিক্রি করে আমার সংসার চলে। আয় বন্ধ থাকলে সংসার চলবে কী করে। এখন কারও কাছে হাত পাতলেও ধার দিতে চায় না। বাসশ্রমিকদের অভিযোগ অস্বীকার করে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক বলেন, বাগেরহাটের অভ্যন্তরীণ ১৬টি রুটে সহস্রাধিক শ্রমিক নিয়মিত কাজ করেন। এরা সবাই দিন আনে দিন খায়। এদের আয়ে সংসার চলে। দেশে এখন দুর্যোগ চলছে। সরকার কঠোর লকডাউন ঘোষণা দেওয়ায় আমরা তা মেনে চলছি। বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। শ্রমিক ইউনিয়ন বেকার হয়ে পড়া বাস শ্রমিকদের নিয়মিত খোঁজখবর নিচ্ছে। সবাইকে আমরা সাহায্য করতে পারছি না। তবে সাধ্য অনুযায়ী তাদের খেয়াল রাখার চেষ্টা করছি।

বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ হায়দার বলেন, গত বছরের লকডাউনের শুরুতেই সরকারের পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু এবারের লকডাউনে ওইসব প্রতিষ্ঠান আর এগিয়ে আসছে না। জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, লকডাউনে সব শ্রেণি-পেশার মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের জীবন বাঁচাতে সরকার বিধিনিষেধ আরোপ করেছে। সরকারের দেওয়া বিধিনিষেধ তো মেনে চলতেই হবে। জেলার নিম্ন আয়ের মানুষের জন্য আমাদের একটা চিন্তা আছে। তাই প্রশাসন জেলার নিম্ন আয়ের কিছু মানুষের তালিকা তৈরির উদ্যোগ নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত