টি-টোয়েন্টিতে ফিঞ্চকে টপকে দ্বিতীয় স্থানে বাবর

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০১:৩২ পিএম

টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ভাঙা ৫৯ বলে ১২২ রানের ইনিংসের সুবাদে ৪৭ পয়েন্ট নিয়ে তিনি আসন চ্যুত করেছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে। 

প্রোটিয়াদের বিপক্ষে ৪ টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর। তার ব্যাট থেকে এসেছে সর্বমোট ২১০ রান। তার মধ্যে আছে এক ফিফটি ও অভিষেক সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে শীর্ষস্থানে আছেন ডেভিড মালান। বাবর তার চেয়ে পিছিয়ে আছেন ৪৮ পয়েন্টে। তবে পাকিস্তানি ব্যাটসম্যানের সুযোগ থাকছে সিংহাসন দখলের। হারারেতে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে রান পেলে শীর্ষে উঠতে পারেন বাবর।

এর আগে গত সপ্তাহে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলির রাজত্ব কেড়ে নিয়ে সিংহাসনে বসেন তিনি। পাকিস্তানের চতুর্থ খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে শীর্ষস্থান দখল করেন বাবর।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামানের। নিজের শেষ দুই ম্যাচে ৮ ও ৬০ রানের সুবাদে ১৭ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। মোহাম্মদ রিজওয়ান আট ধাপ এগিয়ে বসেছেন ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে। পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি ক্যারিয়ার সেরা ১১তম স্থানে ওঠে এসেছেন।

দ.আফ্রিকান ব্যাটারদের মধ্যে ক্যারিয়ার সেরা ৩৪ বলে ৫২ রানের ইনিংস খেলে নবম স্থান থেকে ছয়ে ওঠে এসেছেন রসি ফন ডার ডুসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত