ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভিপি নুরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৩:১২ পিএম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন কক্সবাজার ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন।

বুধবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন তার ব্যক্তিগত ফেইসবুকে অ্যাকাউন্টে একটি ভিডিও লিংক পান। লিংকটি ক্লিক করলে দেখা যায় ডাকসুর সাবেক ভিপি নুর তার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় উসকানিমূলক বক্তব্যসহ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন।

এতে বলা হয়, ভিডিওর উল্লেখযোগ্য বক্তব্য অজ্ঞাতনামা আসামিরাও তাদের ব্যবহৃত অসংখ্য ফেইসবুক আইডি এবং পেজ থেকে পোস্ট- শেয়ার করে যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্ট (মন্তব্য) রয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে দেশের সাধারণ সরলমনা জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে পড়ে।

নুরসহ তার অনুসারী অজ্ঞাতনামা আসামিদের আইনের আওতায় আনা গেলে আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ ও দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব বলে এজাহারে উল্লেখ করেন জেলা ছাত্রলীগের এই নেতা।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুল গিয়াস মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত