শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। এখন পর্যন্ত ম্যাচে পুরো দাপট সফরকারীদের। মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তদের ব্যাটে প্রথম ইনিংসে পাহাড় রানের পাথে টাইগাররা।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান ম্যাচটিতে এখন পর্যন্ত দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। এর মধ্যে ১৮ বছর আগের পুরোনো এক সুখস্মৃতিও ফিরেছে মুমিনুল-শান্তদের ব্যাটে।
৪ উইকেটে ৪৭৪ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ প্রথম ১শ ওভারে মাত্র ২ উইকেট হারায়। দীর্ঘ ১৮ বছর পর টেস্টে বাংলাদেশের ইনিংসে এমন চিত্র দেখা গেল।
২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২ উইকেটে ১০০ ওভার ব্যাট করেছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশের টেস্ট ম্যাচে এমন চিত্র দেখা যায়নি।
পেশোয়ার টেস্টে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬৬তম ওভারে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। আর ১২২তম ওভারে পড়ে তৃতীয় উইকেট।
শোয়েব আখতার, উমর গুলদের বিপক্ষে দারুণ খেলে প্রথম ইনিংসে ৩৬১ রান করেছিল বাংলাদেশ। ওপেনার জাভেদ ওমর ১১৯, হাবিবুল বাশার ৯৭ ও মোহাম্মদ আশরাফুল ৭৭ রানের ইনিংস খেলেছিলেন। যদিও দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে ম্যাচটা ৯ উইকেটে হারে বাংলাদেশ।
সেই দলের কেউ বর্তমান দলে নেই। তবে তখনকার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন শ্রীলঙ্কায় রয়েছেন দলের টিম লিডার হিসেবে।
পাল্লেকেলে টেস্টে আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৩৯তম ওভারে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। আর ১২৫তম ওভারে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
তামিম ইকবালের ৯০, নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মুমিনুল হকের ১২৭ রানের কল্যাণে ১৮ বছর পর দারুণ এক স্মৃতি ফিরে আসল বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে।
মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।
