নিউইয়র্কে একটি সাবওয়ে স্টেশনে পাইপ বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ম্যানহাটনের ফেডারেল জজ ৩১ বছর বয়সী আকায়েদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরো ৩০ বছরের সাজা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ মোটামুটি ২৫ বছর। আকায়েদকে তার সঙ্গে আরো ৩০ বছর কারাভোগ করতে হবে। অর্থাৎ তার বাকি প্রায় গোটা জীবনটা কারাগারেই কাটবে।
২০১৭ সালের ১১ ডিসেম্বর নিউইয়র্কে বাস টার্মিনালে আত্মঘাতী বিস্ফোরণের চেষ্টার সময় আহত অবস্থায় গ্রেপ্তার হন আকায়েদ। সেদিন সকালে অফিসগামী যাত্রীদের ব্যস্ততার মধ্যে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার সংকীর্ণ ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা ‘পাইপ বোমায়’ বিস্ফোরণ ঘটান আকায়েদ।
বোমাটি ঠিকমত বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন আকায়েদ। তার বিস্ফোরণে আহত হন তিন পুলিশ সদস্যও।
তাকে গ্রেপ্তারের পর নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে বলা হয়, ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তিনি হামলা চালানোর চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ২০১৮ সালেই দোষী সাব্যস্ত হয়েছিলেন আকায়েদ।
আকায়েদ ব্রুকলিনে তার মা, বোন ও দুই ভাইর সঙ্গে থাকতেন। গ্রিনকার্ডধারী আকায়েদের স্ত্রী ও একমাত্র ছেলে রয়েছে বাংলাদেশে।
