করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত স্টাফরা শনিবার সকালে ফের করোনা টেস্ট করতে দিয়েছেন। খালেদা জিয়া রবিবার করোনা টেস্ট দেবেন।
শনিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার এক ব্যক্তিগত স্টাফ।
তিনি জানান, ‘সকালে আমরা করোনা টেস্টের জন্য স্যাম্পল দিয়েছি। চেয়ারপারসন রবিবার টেস্ট দেবেন।’
এদিকে করোনা আক্রান্ত খালেদা জিয়া করোনা শনাক্তের ১৬তম দিন শনিবার ভালো আছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে মেডিকেল টিম কাজ করে যাচ্ছেন।
শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশের প্রায় সকল গণমাধ্যমে এ খবর প্রকাশের বেশ কয়েক ঘণ্টা পর জরুরি সংবাদ সম্মেলনে তা স্বীকার করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
