আলফাডাঙ্গায় একদিনে ৩ বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০২:১৭ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় একদিনে তিনজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তারা তিনজনই বার্ধক্যজনিত কারণে শনিবার মারা গেছেন। শনিবার ও রবিবার তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম তিন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন- আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের বদিউজ্জামান ওরফে বদিয়ার খালাসি, উপজেলার টগরবন্ধ ইউনিয়নের চাপুলিয়া গ্রামের হেমায়েত হোসেন ও উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম নিবাসী আবু বকর ওরফে সোনা মিয়া।

শনিবার সকাল ৭টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান ওরফে বদিয়ার খালাসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় মিঠাপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

একই দিন বিকেল ৪টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন (৭২)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

হেমায়েত হোসেন আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন। রবিবার গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।

এদিকে, শনিবার মাগরিবের নামাজ শেষে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা আবু বকর ওরফে সোনা মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে পবনবেগ মাদ্রাসা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান মিয়া বলেন, এই পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে। তবে এভাবে একদিনে তিনজন সহযোদ্ধাকে চিরবিদায় দিতে হবে এমনটা কল্পনা করিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত