শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের জমি দখলের চেষ্টা

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১২:০১ এএম

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে হুমকিধমকি ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ওই ইউনিয়নের মকিমপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলচেষ্টার অভিযোগ রয়েছে। অভিযুক্ত জসিম উদ্দিনের (৫০) বাড়ি ওই ইউনিয়নের বক্তারপুর গ্রামে।

ভুক্তভোগী আবুল বাশার বলেন, জসিম উদ্দিন আমার কাছ থেকে ১৩ বছর আগে মকিমপুর মৌজায় এক দাগে সাড়ে চার শতাংশ জমি ক্রয় করে। এরপর সে বিভিন্ন দাগে আমার পৈতৃক ও খরিদসূত্রে মালিকানাধীন ও দখলীয় প্রায় ৩৬ শতাংশ জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় গত ৯ এপ্রিল আমি সুধারাম মডেল থানায় অভিযোগ দিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে ওইদিনই জসিম উদ্দিন, তার ভাই ফয়সাল ও জসিমের ঘনিষ্ঠ সহযোগী আইউবপুর গ্রামের আমজাদ হোসেন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আজিজউল্লাপুর গ্রামে আমার বাড়িতে এসে আমি ও পরিবারের কেউ আমার জমিতে গেলে তারা আমাদের হত্যা করার হুমকি দিয়ে যায়।

অভিযুক্ত জসিম উদ্দিন মামলা নিষ্পত্তির আগে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, এ ব্যাপারে থানা পুলিশের অনুমতি রয়েছে।

তবে সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, জসিমকে এ ব্যাপারে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত