স্মরণসভায় বিএনপি নেতারা

‘নিপীড়নের শিকার’ না হলে মওদুদ কিছুদিন বাঁচতেন

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০৫:০৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারের ‘নিপীড়ন-নির্যাতনের’ শিকার না হলে হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন। ৩৭ মামলা মাথায় নিয়ে মৃত্যুবরণ করেন তিনি। গতকাল রবিবার তার স্মরণে বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল সভায় দলের জ্যেষ্ঠ নেতারা এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সবসময় গণতন্ত্রের পক্ষে তার অবস্থান ছিল অনড়। জীবনের শেষ প্রান্তে এসে তিনি সবসময় আতঙ্কে থাকতেন এ জন্য যে, তাকে যেকোনো সময়ে কারাগারে যেতে হতে পারে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই মুহূর্তে মওদুদ আহমদের চলে যাওয়া বিএনপির জন্য বিরাট ক্ষতি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মওদুদ আহমদ আমাদের কাছে আইডল ছিলেন। তার মতো ব্যক্তিত্ব প্রতিদিন আসেন না। যুগে যুগে আসেন।

সভায় মওদুদ আহমদের স্ত্রী বেগম হাসনা মওদুদ বলেন, মওদুদের অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পূর্ণ করতে চাই। তার মৃত্যুতে দেশবাসীর পাশাপাশি বৃহত্তর নোয়াখালীবাসী যে শ্রদ্ধা দেখিয়েছেন সে জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত