বলাৎকারে ব্যর্থ হয়ে পথ শিশু আহাদকে হত্যা করে রুবেল

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১১:০৪ পিএম

বলাৎকারে ব্যর্থ হয়ে ১০ বছরের শিশু আহাদকে হত্যা করে মোহাম্মদ আলী রুবেল (২৫)। পুলিশ জানিয়েছে, রুবেল মাদকাসক্ত। এ ঘটনায় রাতেই হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ইট আলামত হিসেবে জব্দ করা হয়।

ঘটনার দায় স্বীকার করে সোমবার আদালতে ১৬৪ ধারায় জবান বন্দীও দিয়েছে রুবেল।

পুলিশ জানায়, রবিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সে এ ঘটনার দায় স্বীকার করে বলে জানান উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) খন্দকার রেজাউল হাসান।

তিনি বলেন, শনিবার দিবাগত রাতে ভবঘুরে রুবেল মাদকের নেশায় আসক্ত হয়ে পথশিশু আহাদকে বিমানবন্দর থানা এলাকার বলাকা ভবনের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ডাম্পিং এলাকায় অন্ধকারে নিয়ে যায়। সেখানে আহাদকে বলাৎকার করার চেষ্টা করলে আহাদ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বড় একটি ইট দিয়ে তার মাথায় তিনবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে সেখানে লোহার পাতের নিচে গর্তে ফেলে লতাপাতা ও আবর্জনা দিয়ে ঢেকে রেখে রুবেল পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা রবিবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করি। পরবর্তীতে রাতেই এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করতে সক্ষম হই। অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। আসামির বিরুদ্ধে হত্যা করে লাশ গুম করার অপরাধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত