তারকাদের ‘মৃত্যুর গুজব’ রোধে নীতিমালা চান ওমর সানী

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০১:০০ পিএম

ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছুদিন পরপরই কোনো না কোনো তারকার মৃত্যুর গুজব ছড়ানো হয়। সম্প্রতি করোনা আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা আলমগীরকে নিয়ে এমন খবর প্রচার হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে পরিবার।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন নায়ক ওমর সানী। তার মতে, ইউটিউব চ্যানেলের কনটেন্টের জন্য নীতিমালা থাকা উচিত। এ বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আরও জানান, একাধিকবার তিনি ও মৌসুমী এমন গুজবের শিকার হয়েছেন।

ওমর সানী বলেন,”ইউটিউব চ্যানেলের প্রতি একটা নীতিমালা থাকা উচিত, তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকা উচিত তা কী হচ্ছে। কত হাজার গুঞ্জন হলে নীতিমালা করবেন?”

“আমাকে মেরেছে, কয়েকবার মৌসুমীকে মেরেছে, এটিএম সাহেবকে মেরেছিল অনেকবার। আরও অনেককে মেরেছে মিথ্যা তথ্য দেয়া এবং কাল্পনিক গল্প, আজ (সোমবার) জলজ্যান্ত আমাদের চলচ্চিত্রের বটবৃক্ষ আলমগীর সাহেবকে মারলেন। না উনি মারা যাননি, বেঁচে আছেন।”

আরও বলেন, “কয়েকদিন আগে দেখলাম সাইডলাইনে বসে থাকা একটা মেয়েকে তার অসুস্থতা ও অসহায়ত্ব নিয়ে তাকে নায়িকা বানিয়েছেন, আসলে উনি নায়িকা নয়, আরও অনেক গল্প একটা নীতিমালা হওয়া উচিত। কোন কন্ট্রোল নেই, আমাদের বিক্রি করে দেদারছে পয়সা কামাচ্ছে তারা, যারা এগুলো করছে তারা কি মানুষ নাকি… যাই হোক তথ্যমন্ত্রী এবং রাষ্ট্র মহোদয়কে বললাম।”

কিছুদিন আগে ওমর সানী ছাড়া তার পরিবারের সবাই করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা ভালো আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত