মাজারের পুকুরে ডুবে যাওয়ার একদিন পর শিশুর কঙ্কাল উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১১:১৭ পিএম

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুরে ডুবে যাওয়ার একদিন পর শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। রবিবার শিশুটি পুকুরে ডুবে যায়।

নিহত নুর আলম (৯) বায়েজিদ বোস্তামীর মাজারের কাছে একটি বস্তিতে পরিবারের সঙ্গে থাকত। তার বাবা নুর মোহাম্মদের বাড়ি হবিগঞ্জ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু বকর বলেন, পুলিশ মাজারের সিসিটিভি ফুটেজ দেখেছে। এতে দেখা যায় নুর আলম সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে মাছ ও কচ্ছপকে খাওয়ানোর সময় পা পিছলে পড়ে যায়।

পানিতে পড়ে যাওয়ার পর তাকে হাত-পা ছোঁড়াছুঁড়ি করতে দেখা গেলেও সে আর উঠে আসতে পারেনি।

তিনি আরও বলেন, পুকুরে ২০ থেকে ৩০ কেজি ওজনের কচ্ছপ ছাড়াও বড় বড় গজার, পাঙ্গাসসহ অন্যান্য রাক্ষুসে মাছ আছে বলে মাজারের তত্ত্বাবধায়ক পুলিশকে জানিয়েছে। ডুবে যাওয়ার পরে শিশুটিকে মাছেরা খেয়ে ফেলেছে।

পুলিশ জানায়, শিশুটির মাথা ও ধড় পুকুরের আলাদা আলাদা জায়গায় পাওয়া গেছে। এতে বোঝা যায় যে, রাক্ষুসে মাছগুলো শিশুটির দেহ ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলেছিল।

নুর আলম সাঁতার জানতো না বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, তার মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত