বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে সান্দাকান-চামিকা

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১১:৫৪ পিএম

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার স্কোয়াডে যোগ হলেন বাঁহাতি রিস্ট স্পিনার লাকশান সান্দাকান ও ফাস্ট বোলার চামিকা করুনারত্নে। ইনজুরির কারণে ছিটকে যাওয়া লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কার বদলি হিসেবে এই দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাল্লেকেলেতে প্রথম টেস্টের তৃতীয় দিনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন কুমারা। প্রথম ইনিংসে ২৮ ওভার বল করেছিলেন তিনি। ৮৮ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট। শেষ পাঁচ মাসের মধ্যে এনিয়ে দুইবার ইনজুরির কারণে টেস্টের মাঝ পথেই ছিটকে গেলেন ‍কুমারা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং-ডে টেস্টেও ছিটকে যান তিনি। চোট পাওয়া আরেক ক্রিকেটার মাদুশঙ্কা অবশ্য প্রথম টেস্টের একাদশে ছিলেন না।

ডাক পাওয়া চামিকা করুনারত্নে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক টেস্ট খেলেছেন। এখন পর্যন্ত সেটিই তার একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। এ বছর লিস্ট এ ম্যাচ খেলেছেন বেশ কিছু। তবে গত আগস্টের পর এখন পর্যন্ত কোনো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেননি।

চামিকার মতো সান্দাকানও গত আগস্টের পর ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেননি। তবে সাদা বলে শ্রীলঙ্কা দলে নিয়মিত তিনি। এখন পর্যন্ত ১১ টেস্টে নিয়েছেন ৩৭ উইকেট। শ্রীলঙ্কার স্কোয়াডে আগে থেকেই রয়েছেন বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমা। আন্তর্জাতিক ক্রিকেটে যার অভিষেক হয়নি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্র হয়েছে। বৃহস্পতিবার পাল্লেকেলেতে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত