দেশে ফিরতে চার্টার্ড বিমান চান অজি ক্রিকেটাররা

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৬:০৮ এএম

ভারতের নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণে অস্ট্রেলিয়ায় পাস হলো নতুন আইন। দেশটির সঙ্গে বিমান যোগাযোগ আপাতত বন্ধ রেখেছে অজি সরকার। তাতে বিপাকে পড়েছেন আইপিএলে খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আইপিএল শেষে দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় তারা। অবশ্য অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন ইতিমধ্যেই দেশে ফিরে গেছেন। যারা থেকে গেছেন তারা বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায়। এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা ক্রিস লিন আবেদন করেছেন চার্টার্ড বিমানে করে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হোক।

ক্রিস লিনের আবেদন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, ভারতে খেলা ক্রিকেটারদের নিজ উদ্যোগে দেশে ফিরতে হবে। শুধু তাই নয়, ভারত থেকে ফিরলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতাও আছে। লিন আসরের মাঝপথে ফিরতে নারাজ। টুর্নামেন্ট শেষ হতে এখনো অনেক সময় বাকি। লিনের চার্টার্ড বিমানের অনুরোধ অন্য কারণে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আইপিএল পারিশ্রমিকের একটা অংশ অজি বোর্ডও পেয়ে থাকে। সেই অধিকার থেকেই লিনের এই অনুরোধ, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যেহেতু ক্রিকেটারদের আইপিএল চুক্তির শতকরা ১০ ভাগ অর্থ পায়, আমি তাই টেক্সট পাঠিয়ে জানতে চেয়েছি যে, এবার আইপিএল শেষে ওই অর্থ আমরা চার্টার্ড ফ্লাইটের জন্য ব্যয় করতে পারি কিনা। আমি জানি, আমাদের চেয়ে খারাপ অবস্থায় অনেকেই আছেন। তবে আমরা খুব কড়াকড়ির একটি জৈব-সুরক্ষা বলয়ে আছি, আগামী সপ্তাহে টিকা পাচ্ছি। তাই আশা করি, সরকার আমাদের চার্টার্ড বিমানে দেশে ফেরার সুযোগ করে দেবে।’ লিন ছাড়াও অস্ট্রেলিয়ানদের মধ্যে রিকি পন্টিং, সাইমন ক্যাটিচ, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স আইপিএলের সঙ্গে যুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত