বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর অস্ত্রোপচার হয়েছে। তাকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) রাখা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন একাডেমির সচিব এএইচএম লোকমান।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাবীবুল্লাহ সিরাজী। এর আগে রবিবার তাকে সেখানে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর সিরাজীকে ফের ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
এএইচএম লোকমান বুধবার দুপুরে বলেন, “অস্ত্রোপচারের পর কিছুটা আশা জেগেছে। টিউমার ছিল, সেটি অস্ত্রোপচার করা হয়েছে। এরপর একটু ভালো আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অস্ত্রোপচারের পর অনেক সময় অবস্থার অবনতি হয়, সেটা হয়নি। তবে তাকে ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে।”
হাবীবুল্লাহ সিরাজী করোনা আক্রান্ত হননি বলেও জানান বাংলা একাডেমির সচিব।
একাডেমি সূত্রে জানা গেছে, গত রবিবার হাসপাতালে ভর্তি করা হয় হাবীবুল্লাহ সিরাজীকে। সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও কার্ডিয়াক, হজম সমস্যাসহ ফ্রোজেন শোল্ডার নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৭ ফেব্রুয়ারি তার হার্টে রিং পরানো হয়। পরে ২ মার্চ বাসায় ফিরেছিলেন। অসুস্থতা নিয়েই বইমেলায় দায়িত্ব পালন করেন।
এপ্রিলের প্রথম সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন। রবিবার ফের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাবীবুল্লাহ সিরাজী জাতীয় কবিতা পরিষদে নির্বাচিত সভাপতি হিসেবে চারবার দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ৩১ ডিসেম্বর ১৯৪৮ ফরিদপুরের রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল হোসেন সিরাজী ও মা জাহানারা বেগম। ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশল-স্নাতক (১৯৭০) ডিগ্রি লাভ করেন।
কবি হাবীবুল্লাহ সিরাজী একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, বিষ্ণু দে পুরস্কার, রূপসী বাংলা পুরস্কার ও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পেয়েছেন।
