ঢাকার সাভার থেকে অপহরণের ৫ দিন পর ইসতেফাত হোসেন সোহান (১০) নামের এক শিশুকে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের করিম বেপারী (২৯), সদর উপজেলার নবগ্রাম এলাকার বাদশা ওরফে রাজা (৩৫) ও হাবু মিয়া (৪৫)।
র্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, অপহৃত সোহান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাগনামারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বাবা ও মা দেশের বাইরে থাকায় সোহান সাভারের উলাইলে মামা-মামির সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। গত ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে অপহরণকারীরা উলাইল এলাকা থেকে পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে সোহানকে অপহরণ করে।
