দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে। এসব গণপরিবহন খুলে দেয়ার দাবিতে সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড ও বাইপাইল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা-আরিচা মহাসড়ক নবীনগর-চন্দ্রা মহাসড়ক এবং বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে শ্রমিক নেতারা বলেন, অব্যাহত লকডাউনে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দীর্ঘদিন ধরে গণপরিবহন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবহন শ্রমিক। গাড়ির চাকা না ঘোড়ায় আয় রোজগার হচ্ছে না কারোই। যে কারণে শ্রমিকদের অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।
সবকিছুই খোলা শুধু গণপরিবহন বন্ধ কেন? এমন প্রশ্ন তুলে বিক্ষোভকারীরা বলেন, বাস বন্ধ থাকলেও ট্রাক, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন চলছে। আন্তঃজেলা পথেও টেম্পু, অটোরিকশা ও ইজিবাইকে যাত্রী পরিবহন করা হচ্ছে। এসবে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। শুধু চলছে না বাস। এ বৈষম্য শেষ করে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করে দেয়ার দাবি জানান তারা।
