কুড়িগ্রামের রৌমারীতে এক সাংবাদিক ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সারা জেলার সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে উঠছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রাজীবপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা শিশুপার্ক সড়কে ওই মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নির্যাতিত সাংবাদিক কুদ্দুস বিশ্বাস, আতাউর রহমান, সহিজল ইসলাম সজল, আব্দুর রফিক, আব্দুর রশীদ প্রমুখ। এসময় সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে তালা দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য ১২ ঘণ্টা সময় বেঁধে দেন সাংবাদিকরা।
একই দিনে রৌমারী উপজেলার সিনিয়র সাংবাদিকরা মানববন্ধনের উদ্যোগ নিলে ওই ক্যাডার বাহিনীর সদস্যরা ভয়ভীতি দেখিয়ে তা বন্ধ করে দেন।
