শেখ হাসিনার মতো অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব পৃথিবীতে দ্বিতীয়জন পাইনি: প্রতিমন্ত্রী

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০৬:৪০ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্ব মহামারি করোনার সময়ে তিনি সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং মানসিকভাবে সজীব রেখেছেন। এই ধরনের অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব আমরা পৃথিবীতে দ্বিতীয়জন পায়নি।

শুক্রবার দিনাজপুরের বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কোভিড সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু মানুষ সরকারের সমালোচনা করছে। গণমাধ্যমের সামনে যা ইচ্ছে বলছে। তাদের কোন দায়িত্ব নাই। তাদের দায়িত্ব হচ্ছে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া। তাদের কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা। একটি রাজনৈতিক দলের মানুষের দায়িত্ব হচ্ছে জনগণকে সাহসী করে তোলা। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনাকালে করছেন। আর অন্যরা মানুষকে আতঙ্কিত করছেন।

প্রতিমন্ত্রী বলেন, আতঙ্কিত করার জন্য তারা এমন পন্থা অবলম্বন করেছেন বেগম খালেদা জিয়াকে পর্যন্ত হাসপাতালে ভর্তি করিয়েছেন। মানুষ যেন আতঙ্কিত হয়ে যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত অপপ্রচার ছড়াচ্ছেন। বিএনপি মহাসচিব বলছেন লকডাউনের ক্র্যাকডাউন হয়ে গেছে। আমি তো বলব বিএনপিই ক্র্যাকডাউন হয়ে গেছে।

প্রতিমন্ত্রী বলেন, এখন তথাকথিত কিছু উগ্র নেতৃত্ব তৈরি হয়েছে তারা ইসলামের নাম করে কখনো হেফাজতের ওপর ভর করছে, কখনো নিজেরাই আত্মাহুতি দেয়ার জন্য প্রত্যয় ঘোষণা করছে। কিন্তু বাংলার মানুষ তাদের ওপর কোন ভরসা খুঁজে পায় না। তারা ভরসা পায় শেখ হাসিনার প্রতি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে আমাদের নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। তিনি ভারতের জনগণের জন্য সামর্থ্য অনুযায়ী করোনা সুরক্ষা সামগ্রী প্রেরণ করেছেন। নেপালে যখন ভূমিকম্প হয়েছিল তখনো সাহায্য করেছিলেন, দিনাজপুরের চাল সেখানে পাঠানো হয়েছিল। শ্রীলঙ্কায় সাহায্য করেছিলেন। রোহিঙ্গাদের দুই/তিন বছর ধরে আমরা তাদের মানবতার সেবা দিয়ে যাচ্ছি।

এর আগে তিনি বিরল কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত