কুমিল্লার মুরাদনগরে ড্রেজারের গর্তে পড়ে নিখোঁজের দুইদিন পর সেই ডোবা থেকেই জায়েদুল ইসলাম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।
শনিবার সকালে উপজেলা সদরের ইউসুফ নগর গ্রামের রফিকুল ইসলামের ড্রেজারের গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশু জায়েদুল ওই গ্রামের জাহাঙ্গীর আলমের নাতি ও জেয়াসমিন আক্তারের ছেলে। সে তার নানার বাড়িতে থাকতো।
স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীর আলম ও তার মেয়ে জেয়াসমিন আক্তার শিশু জায়েদুলকে সাথে নিয়ে রফিকুল ইসলামের ড্রেজারের গর্তের পূর্ব পাড়ের জমিতে ধান কাটতে ছিলেন। একপর্যায় জায়েদুল ওই ড্রেজারের গর্তে গোসল করতে যায়।
ওই ডোবায় জায়েদুলকে গোসল করতে দেখে তার মা দ্রুত তাকে সেখান থেকে আনতে গেলে চোখের পলকে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে মা জেয়াসমিন আক্তার ও আশপাশের লোকজন পানিতে নেমে নানা উপায়ে অনেক খোঁজাখুঁজি করেও শিশু জায়েদুলকে পায়নি।
পরে মুরাদনগর থানা পুলিশকে জানালে তারা তাৎক্ষণিক মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিমসহ চাঁদপুরের একটি ডুবুরি দল এনে বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর অনেক খোঁজাখুঁজি করেও শিশু জায়েদুলকে পায়নি। শনিবার ভোর ৫টার দিকে জায়েদুলের মরদেহ পানিতে ভেসে উঠে।
মুরাদনগর থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামালা করা হয়েছে।
