ঘোড়াঘাটে পিকআপভ্যান ও ভ্যানের সংর্ঘষে নিহত ১

আপডেট : ০২ মে ২০২১, ০২:৪১ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডিলবাহী পিকআপভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যাত্রী।

রবিবার সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিম মহাসড়কের রঘুনাথপুর কানাগাড়ী গ্রিন অটোরাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সফিকুল ইসলাম (৩৫)। তিনি নবাবগঞ্জ উপজেলার ৮নং মামুদপুর ইউনিয়নের আম বাগান গ্রামের মোহাম্মদ আলী সুরুজের ছেলে।

দুর্ঘটনাকবলিত পিকআপ থেকে পুলিশ ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর কানাগাড়ী গ্রীন অটোরাইস মিলের সামনে মহাসড়কে পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানের মখোমুখি সংর্ঘষ হয়। এত ঘটনা স্থলেই ভ্যান চালক সফিকুল ইসলাম মারা যান।

এ সময় স্থানীয় জনতা পিকআপটিকে আটক করেছে। পিকআপটির চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে আহত যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর নেওয়াজ আহম্মেদ জানান, নিহত ভ্যান চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং ভ্যানের আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মমিনুল হক বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা ও মাদক দ্রব্য আইনে একটি আলাদা মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে। আমরা গাড়ির মালিককে শনাক্তের চেষ্টা চালাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত