‘কমিউনিকেশন’ ওয়েবসাইট খুললেন ‘নিষিদ্ধ’ ট্রাম্প

আপডেট : ০৫ মে ২০২১, ১১:২৭ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন ‘কমিউনিকেশন’ ওয়েবসাইটের যাত্রা শুরু করেছেন।

এই ‘কমিউনিকেশন’ ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি বিষয়বস্তু প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার পর উস্কানির অভিযোগে তাকে টুইটার স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে। টুইটারে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসারী ছিল।

এছাড়া ফেইসবুক এবং ইউটিউব ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে।

এরপর থেকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট প্রেস রিলিজের মাধ্যমে তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। এখন নতুন ওয়েবসাইটে তার এসব বক্তব্য প্রকাশিত হবে।

বিবিসি বলছে, ব্যবহারকারীরা এখানে পোস্টগুলোতে লাইক দিতে পারবে এবং এগুলো টুইটার এবং ফেইসবুকে শেয়ার করতে পারবে।

নতুন এই ওয়েবসাইট প্রকাশের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন ডোনাল্ড ট্রাম্পের ফেইসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে কি না সে বিষয় ফেইসবুক কর্তৃপক্ষ আর একদিন পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

এর আগে গত মার্চে ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জেসন মিলার এর আগে বলেছিলেন, একটি নতুন সোশ্যাল মিডিয়া চালু করা হবে। ট্রাম্পের এই নতুন সোশ্যাল মিডিয়া হবে অনেক বড় মাপের।

তবে মঙ্গলবার মিলার এক টুইট বার্তায় বলেছেন, তিনি আগে যে ধারণা দিয়েছিলেন, নতুন এই ওয়েবসাইট সে ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়।

‘এ সংক্রান্ত আরও তথ্য নিকট ভবিষ্যতে আসবে’ টুইটে যোগ করেন মিলার।

ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার ব্র্যাড পার্সক্যালের ডিজিটাল সার্ভিসেস কোম্পানি এই ওয়েবসাইট তৈরি করেছে।

এদিকে ফেইসবুক জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে যদি ফেইসবুকে ফিরে আসার অনুমতি দেওয়া হয়, তাহলে তার অ্যাকাউন্ট সচল হতে সাত দিন সময় লাগবে।

অন্যদিকে ইউটিউব জানিয়েছে, বাস্তবে যখন সহিংসতার আশঙ্কা কমে আসবে, তখন ট্রাম্পের অ্যাকাউন্ট সচল করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত