সোনাইমুড়ীতে ‘মাদকসেবনে বাধা দেয়ায়’ তরুণকে হত্যা

আপডেট : ০৬ মে ২০২১, ০৩:৪৩ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ায় মাদক সেবনে বাধা দেয়ায় মো. মাহফুজুর রহমান (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাত ৯টার দিকে সাতঘরিয়া গ্রামের কাজীরখিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান ওই এলাকার শহীদ উল্যার ছেলে। তিনি পেশায় একজন রাজমেস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় কাজীরখিল বাজারে যাওয়ার সময় বাড়ীর পাশের বাগানে আল আমিনকে (১৭) গাঁজা সেবন করতে দেখেন মাহফুজ। এ সময় গাঁজাসহ আল আমিনকে ধরে স্থানীয় মুরব্বিদের হাতে তুলে দেন।

রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে পাশের বাগানে ওৎপেতে থাকা ইশতিয়াক (১৯) ও আরমান হোসেন (১৭) দেশীয় অস্ত্র নিয়ে মাহফুজের ওপর হামলা চালায়।

এ সময় তারা ধারালো ছুরি দিয়ে মাহফুজের বুকের বাম পাশে, তল পেটে, হাত ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

মাহফুজের চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মাহফুজের বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত ১০টায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত