ঈদের চুড়ি, ফিতা না পেয়ে ৮ বছরের শিশুর আত্মহত্যা

আপডেট : ০৬ মে ২০২১, ১০:৫৭ পিএম

ইচ্ছা হয়েছিল ঈদের দিন লাল চুড়ি, লাল ফিতা পরবে। বন্ধুদের সঙ্গে ঘুরবে। বাবা-মায়ের সঙ্গে নানি বাড়ি যাবে। মায়ের কাছে আবদার বলেছিল। মা বলেছিলেন ‘একদিন দেরি কর কিনে দেব’।

কিন্তু একদিন অপেক্ষার তর সইল না। অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল শিশু বিথি (৮)। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের গোহাইল পাড়ায়।

পারিবারিক সূত্র জানায়, বাগাট ইউনিয়নের গোহাইলপাড়ার ছমির শেখের ৮ বছরের মেয়ে বিথি কয়েকদিন ধরে বায়না করছে ঈদের দিনে পরার জন্য লাল ফিতা, লাল চুড়ি কিনে দিতে হবে। বাবা মানুষের বাড়ি কামলা দেয়, মা স্থানীয় একটি জুট মিলের শ্রমিক।

মা বলেছিল জুট মিল থেকে বেতন পেয়ে কিনে দেব। সে পর্যন্ত আর দেরি সয়নি বিথির। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সবার অজান্তে টিনের ঘরের আড়ায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

শিশুটির মা আসমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঈদের দিন লাল চুরি, লাল ফিতা পরবে বলে আমার কাছে আবদার করেছিল। আমি বলেছিলাম মারে, আমি বেতন পেলে তোকে ঈদের আগেই সবকিছু কিনে দেব। কিন্তু মেয়ে আমার অভিমান করে আত্মহত্যা করবে ভাবতে পারি নাই।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) রথিন্দ্রনাথ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। মানবিক দিক বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত