এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ) কর্র্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে এনটিআরসিএ যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেটি এক সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন মো. হানিফ ফরহাদ। এনটিআরসিএ’র পক্ষে ছিলেন আইনজীবী মো. ফারুক হোসেন। গত ৩০ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল এনটিআরসিএ।
আইনজীবীদের তথ্য মতে, এনটিআরসিএর নিবন্ধন সনদ থাকার পরও নিয়োগ বঞ্চিত ১৭ হাজার ২০০ প্রার্থীর পক্ষে ১৬৬টি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর শিক্ষক নিয়োগে এনটিআরসিএর নিয়োগ বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এ বিষয়ে আদালত অবমাননাসংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগের কোনো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না বলে আদেশে বলা হয়। এর আগে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টের রায়ের কয়েক দফা নির্দেশনার মধ্যে ৫ নম্বর নির্দেশনায় সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্য আবেদনকারীদের নিয়োগের কথা বলা হয়। দীর্ঘ সময়েও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীদের মধ্যে অন্তত ২ হাজার জন এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন। ২০১৯ সালের ১৪ জানুয়ারি এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট। কিন্তু রুল বিচারাধীন থাকাবস্থায় বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ।
এর ধারাবাহিকতায় আগে গত ৮ মার্চ এনটিআরসিএ কর্র্তৃপক্ষকে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের (আদালত অবমাননার আবেদনকারী) এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে ১৫ দিনের সময় দিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় হাইকোর্ট। তবে, আদেশ প্রতিপালিত না হওয়ায় হাইকোর্টে আবেদন করা হয়। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ ফরহাদ দেশ রূপান্তরকে বলেন, ‘এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনকারীদের সাত দিনের মধ্যে নিয়োগের সুপারিশের নির্দেশ দিয়ে হাইকোর্টের আদেশে বলা হয়েছে এই সাত দিন নিয়োগের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত থাকবে।
