নিখোঁজের ২ দিন পর মোটরসাইকেল চালকের লাশ মিলল হাওরে

আপডেট : ০৭ মে ২০২১, ০৫:২০ পিএম

নিখোঁজের দুদিন পর ভাড়ায়চালিত রাজিব মিয়া (৩৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুইয়ার ইউনিয়নের ভাটিয়া হাওরে এক মৎস্য খামার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ বলে জানায় নিহতের এক স্বজন।

আটকরা হলেন উপজেলার হাটমিয়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম মোহন (৪০) ও ভাটিয়া সুয়াইর গ্রামের আবুল কালাম (৪৫)।

নিহত রাজিব মোহনগঞ্জের দেওথান গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং নিহতের চার বছর বয়সি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

এর আগে বুধবার রাতে থেকে রাজিবের সন্ধান পাচ্ছিল না পরিবার ও স্বজনরা জানান।  

নিহত রাজিবের পরিচিত স্বজন ও সম্পর্কে চাচাতো ভাই পরিচয় দেওয়া তালগাঁও গ্রামের ধান ব্যবসায়ী নাঈম মিয়া বলেন, বুধবার রাতে মোটরসাইকেল ভাড়া নিয়ে মোহনগঞ্জ থেকে ভাটিয়া এলাকায় আসে রাজিব। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। খোঁজ না পেয়ে রাজিবের অন্যান্য সহকর্মীরা খোঁজখুজি করতে থাকে। একপর্যায়ের শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভাটিয়া সুয়াইর হাওরে এক মৎস্য খামারে রাজিবের মৃতদেহ ভাসতে দেখতে পাওয়া যায়।

তিনি জানান, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় রেজাউল করিম মোহন ও আবুল কালামকে আটক করেছে পুলিশ।

সুয়াইর ইউপির চেয়ারম্যান কামরুল হাসান মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আমার এক ইউপি সদস্য মোহনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে কথা বলার জন্য মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুল আহাদ খানকে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ.কে.এম. মনিরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, খবর পেয়ে নেত্রকোনা থেকে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। এখন রাস্তার মধ্যে রয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত