করোনা পরবর্তী চিকিৎসা চলছে খালেদা জিয়ার

আপডেট : ০৯ মে ২০২১, ০১:২০ পিএম

কভিড শনাক্ত হওয়ার প্রায় চার সপ্তাহ পর করোনামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার খালেদা জিয়ার তৃতীয় দফার পরীক্ষায় তার করোনাভাইরাস নেগেটিভ ফলাফল আসে বলে ব্যক্তিগত চিকিৎসকেরা জানিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একজন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বিবিসিকে জানান, খালেদা জিয়া করোনামুক্ত হয়েছে এবং পোস্ট করোনার চিকিৎসা চলছে।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার পোস্ট কভিড ও অন্যান্য জটিলতার চিকিৎসা চলছে বলে জানান তিনি।

গত ১১ এপ্রিল গুলশানের বাসায় করোনাভাইরাসে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফার পরীক্ষায়ও ফলাফল ‘পজিটিভ’ আসে।

২৭ এপ্রিল পরীক্ষার জন্য তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে যাওয়া হয়। এখনো তিনি সিসিইউতেই আছেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস বা আর্থরাইটিসসহ নানা রোগের চিকিৎসা নিয়েছেন এবং এখন ডায়াবেটিসের কারণেও তার অন্য চিকিৎসায় সাবধানতা অবলম্বন করতে হচ্ছে চিকিৎসকদের।

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে তার পরিবারের পক্ষ থেকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। রোববার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মতামত জানিয়েছে আইন মন্ত্রণালয়।

খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ৫ মে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করে এই লিখিত আবেদন জমা দেন।

শামীম ইস্কান্দার বলেন, ডাক্তাররা তার বোন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়ার পর তারা সরকারের কাছে এই আবেদন করেছেন।

গত বুধবার রাত ১১টার দিকে আইন মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদার বিদেশে চিকিৎসা সংক্রান্ত ফাইলগুলো গ্রহণ করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার।

শর্তে বলা হয়, মুক্ত থাকার সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

কিন্তু রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার করোনা পরবর্তী জটিলতা দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করে পরিবার।

বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের জন্যও আবেদন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত