হাজার হাজার যাত্রী নিয়ে ফেরি চলাচল করলেও অস্বীকার ঘাট কর্তৃপক্ষের

আপডেট : ০৯ মে ২০২১, ০২:৩১ পিএম

দুটি ফেরি হাজার হাজার যাত্রী নিয়ে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাবাজার ঘাটে এসে পৌঁছায়। তবে বাংলাবাজার ঘাট ম্যানেজার অস্বীকার করে বলেন, কোনো ফেরি চলাচল করছে না। এমনকি জরুরি কোনো সার্ভিস দেয়া হচ্ছে না।

বিজিবি মোতায়েনের পরও রবিবার সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ঘটে বাড়িফেরা মানুষদের ঢল বেড়েই চলেছে।

বিজিবির বাধা সত্ত্বেও জোর করে ফেরিতে উঠে যাত্রীরা। অতিরিক্ত যাত্রীর চাপে শিমুলিয়া ঘাট থেকে সকাল ১০টার দিকে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে ছেড়ে আসে ফেরি শাহপরাণ।

এর আগে ১১টি অ্যাম্বুলেন্স ও কিছু যাত্রী ছেড়ে আসে ফেরি ফরিদপুর। এবং বাংলাবাজার ঘাট থেকে যাত্রী নিয়ে অন্য দুটি ফেরি আবার শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন আহমেদ।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদে ঘরমুখী যাত্রীদের অবাধে যাতায়াত ঠেকাতে শিমুলিয়া ঘাটে রবিবার সকাল থেকে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে যাত্রীরা ঢুকে পড়ছেন ঘাট এলাকায়। এখনো ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে হাজারো যাত্রী।

যাত্রীদের পারাপার ঠেকাতে শনিবার ভোর থেকে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ফেরি কর্তৃপক্ষ কিন্তু তারপরও ওই দিনও কয়েকটি ফেরি শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যাত্রী নিয়ে আসে এবং বাংলাবাজার থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি 'র বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ ফেরি চলাচলের কথা অস্বীকার করে বলেন, কোনো ফেরি চলাচল করছে না। জরুরি কারণেও কোনো ফেরি চালু নেই। কোনো ফেরি আসেনি আর ছেড়েও যায়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত